সরকারি কর্মকর্তাদের কেউ কেউ বাড়াবাড়ি করছেন মন্তব্য করে এ বিষয়ে সতর্কতা অবলম্বনের কথা বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার চট্টগ্রামে শহীদ মিনার চত্বরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মহানগর শাখার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
সরকারি কর্মকর্তাদের নিয়ে জাসদ সভাপতি ইনু বলেন, “ডিসি (জেলা প্রশাসক) ডিসির কাজ করবে, এমপি করবে এমপির কাজ। আমি বার বার বলেছি যে, অতীতে অনির্বাচিত কর্মকর্তারা যখন দেশ দখল করেছিল তখন এ দেশ রসাতলে গিয়েছিল। প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজের গণ্ডি নির্ধারণ করে দিতে হবে। ডিসি যদি সাংসদের মত গলাবাজি করে তাহলে দেশ রসাতলে যাবে।”
