বছর তেরোর নূর, কিশোরী ফিরদৌস এর প্রেমে পাগল। মাঝে একমাত্র বাধা তাদের দুজনের আর্থ-সামাজিক অবস্থান। ছবির গল্প এগোতে থাকে। বাধা আরও একজন। ফিরদৌসের মা, বেগম (টাবু)। যে তার যৌবনে প্রেম-ভালোবাসায় ব্যর্থ। প্রেমের প্রতি তার অসম্ভব বিদ্বেষ। মেয়ের সম্পর্ককে কোনভাবেই মেনে নিতে নারাজ তিনি। নূরকে অপমান করেন বেগম। কাশ্মীর ছেড়ে দিল্লি চলে আসে নূর। তারপর কী হল? নূর কি আবার ফিরবে কাশ্মীরে, যেখানে রয়েছে তার প্রিয়তমা ফিরদৌস? সব বাধা উপেক্ষা করে নূর-ফিরদৌসের চার হাত কী এক হবে? এরকম টান টান উত্তেজনায় এগোতে থাকে 'ফিতুর' ছবির চিত্রনাট্য।
IMG0
ইতিমধ্যেই ছবিতে সবচেয়ে দীর্ঘ চুম্বন করে শিরোনাম তৈরি করে ফেলেছেন ছবির নায়ক ও নায়িকা। ছবিতে অনবদ্য অভিনয় করেছেন টাবু।চার্লস ডিকেন্সের উপন্যাস 'গ্রেট এক্সপেকটেশন' এর অবলম্বনে তৈরি এই ছবির চিত্রনাট্য। কাশ্মীরের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আর তারমধ্যে ক্যাটরিনা কাইফ ও আদিত্য রয় কাপুরের রোম্যান্স যে দর্শককে মোহিত করে রাখবে তা বলাই বাহুল্য।
বরফাবৃত ভূস্বর্গকে ছবির লোকেশন হিসেবে বেছে নেওয়া নিঃসন্দেহে পরিচালক অভিষেক সেনের অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত। আর তার সঙ্গে সুপ্রতীক সেনের লেখা সংলাপ। কিশোর নূর ও ফিরদৌসের চরিত্রে মহম্মদ আবরার ও তুনিশ শর্মার অভিনয়ও যথেষ্ট পরিণত। সেইসঙ্গে অরিজিত্ সিং, সুনিধি চৌহান, অমিত ত্রিবেদীর গলায় ছবির গানগুলি অসাধারণ। দুর্দান্ত ছবির কস্টিউমও। সবমিলিয়ে ভ্যালেন্টাইন উইকএন্ডে 'ফিতুর' এর পয়সা উশুল হবেই।
