ছাপা পত্রিকা থেকে শুধু অনলাইনেই বের করার ঘোষণা দিলো যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ্ এর আগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টও ছাপা পত্রিকার বদলে ‘অনলাইনমুখী ভবিষ্যৎ’ গড়ার ঘোষণা দেয়।
মালিকপক্ষ ইএসআইডি মিডিয়া বলছে, এখন ‘কেবল –ডিজিটাল ভবিষ্যৎ’র কথা ভাবা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টের। ঘোষণা অনুযায়ী, আগামী মার্চের শেষেই বন্ধ হয়ে যাবে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের জাতীয় নীতি-নির্ধারণে ভূমিকা রাখা দৈনিকটির ছাপা সংস্করণ। দৈনিকটিকে পুরোপুরি অনলাইনে চালাতে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে ২৪ ঘণ্টা অনলাইন চালানোর।
কারণ হিসেবে তারা জানায়, গত তিন বছরে অনেক দ্রুতগতিতে ওয়েবসাইটের পাঠক বেড়েছে। ১২ মাসেই অনলাইন সংস্করণের পাঠক বেড়েছে ৩৩ দশমিক ৩ শতাংশ। এই বছর ওয়েবসাইটটি আরও লাভজনক হয়ে উঠেছে এবং চলতি অর্থবছরে আয় বৃদ্ধির ৫০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
ইন্ডিপেন্ডেন্টের প্রকাশক ও ইএসআই মিডিয়ার প্রধান এভগেনি লেবেদেভ বলেন, দৈনিক সংবাদপত্র শিল্পে পরিবর্তন আসছে, এই পরিবর্তনটা পাঠকরাই করে দিচ্ছেন। তারা আমাদের বলছেন, ভবিষ্যৎ আসলে ডিজিটাল। তাদের দেওয়া সিদ্ধান্তে আমরা অনলাইনে মনোযোগ দিতে বাধ্য হচ্ছি এবং এখানে পাঠকদের আরও বেশি করে টানতে চিন্তা করতে হচ্ছে।
