সাড়ে ৭ ঘণ্টা পর আটকা পড়া ২ ফেরি উদ্ধার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৫৩
সাড়ে ৭ ঘণ্টা পর আটকা পড়া রো রো ফেরি শাহ আলী ও কে টাইপ ফেরি কাকলী উদ্ধার হয়েছে। শনিবার সকাল ৯টায় জোয়ারের পানি বৃদ্ধির ফলে ফেরি দু’টি উদ্ধার করা হয়। এর আগে কুয়াশার কবলে পড়ে শুক্রবার রাত দেড়টায় রো রো ফেরি শাহ আলী ও কে টাইপ ফেরি কাকলী চরে আটকা পড়ে। শিমুলিয়া থেকে কাওড়াকান্দি যাবার পথে বড় নদীতে ঢোকার মুখেই রো রো ফেরি শাহ আলী আটকা পড়ে যায়। অপর দিকে কাওড়াকান্দি থেকে শিমুলিয়া ফেরার পথে ফেরি কাকলী হাজরা চ্যানেলে আটকা পড়ে। শীতের মধ্যে রাতভর পদ্মার চরে দুর্ভোগ পোহায় শিশু ও বৃদ্ধসহ সকল যাত্রী।  
 
বিআইডব্লিউটিসির ম্যানেজার (মেরিন) শাহজাহান মিয়া জানান, কুয়াশার মধ্যে রাত দেড়টায় ফেরি দুইটি চরে আটকে যায়। পরে শনিবার সকাল ৯ টায় জোয়ার এলে ফেরিগুলো উদ্ধার করা হয়। ফেরিগুলো গন্তব্যে রওয়ানা দিয়েছে।