যুক্তরাষ্ট্রের আরিজোনার একটি স্কুলে শুক্রবার দুই কিশোরী মারা গেছে। পুলিশ এই ঘটনাকে হত্যার পর আত্মহত্যা হিসেবে উল্লেখ করেছেন। কিশোরী দু’জনেরই বয়স ছিল ১৫ বছর। তারা দু’জন ঘনিষ্ঠ বান্ধবী ছিল।
পুলিশ এক বিবৃতিতে জানায়, ফোনিক্সের কাছে ইন্ডিপেন্ডেন্স হাই স্কুলের ক্যাফেটেরিয়ার কাছে দেয়াল ঘেরা প্রাঙ্গণে তাদেরকে পাশাপাশি পড়ে থাকতে দেখা যায়। কিশোরী দু’জনের শরীরেই একটি করে গুলিবিদ্ধ হয়েছে এবং তাদের মৃতদেহের কাছেই অস্ত্রটিসহ তারা আত্মহত্যা করেছে বলে লেখা একটি চিরকুট পাওয়া গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই মামলায় কর্মরত তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল থেকে যে আলামত পেয়েছেন তাতে ধারণা করা হচ্ছে যে এক কিশোরী অপর কিশোরীকে হত্যা করে আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ৮টার আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্কুলের কোন শিক্ষার্থী এই ঘটনাটি দেখেনি বলেই তাদের বিশ্বাস। এএফপি।
