এবার প্রাণঘাতি ঠাণ্ডার কবলে যুক্তরাষ্ট্র!

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৭
 
১৮ রাজ্যে রেকর্ড পরিমাণ তুষার ঝড়ের পর এবার প্রাণঘাতি ঠাণ্ডার কবলে পড়েছে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তরপূর্ব উপকূলীয় আটটি রাজ্য। একইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়তে যাচ্ছে নিউইয়র্ক।
 
স্থানীয় সময় শনিবার নিউইয়র্কের তাপমাত্রা নামতে পারে মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে তাপমাত্রা অনুভূত হতে পারে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে শনিবারের তাপমাত্রা নিউইয়র্কে গত ১০০ বছরের রেকর্ড ভাঙতে পারে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন। ১৯১৬ সালে নিউইয়র্কের প্রাণকেন্দ্র সেন্ট্রাল পার্কে তাপমাত্রা রেকর্ড হয়েছিল মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস।
 
এদিকে দূর্যোগপূর্ণ আবহাওয়ার শনিবার নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে পূর্বঘোষিত বিভিন্ন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের ব্রঙ্কসের বাংলাদেশ কালচারাল সোসাইটি ভয়াবহ ঠান্ডার কারণে তাদের পূর্বঘোষিত ‘ভ্যালেন্টাইন ডে’র অনুষ্ঠান স্থগিত করেছে। তীব্র ঠান্ডার কারণে শুক্রবার সন্ধ্যার পর থেকেই নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় মানুষজনের ভিড় কমতে থাকে।
 
এর আগে গত ২৩ জানুয়ারি নিউইয়র্কসহ ১৮টি রাজ্যে ভয়াবহ তুষার ঝড় বয়ে যায়। এতে কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটে। এদিন প্রায় ৩০ ইঞ্চি তুষারে ঢাকা পড়ে যায় নিউইয়র্ক সিটি।
 
তীব্র ঠাণ্ডার কারণে শনিবার নিউইয়র্কের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বাসা-বাড়িতে কম তাপমাত্রার কারণে পানির পাইপ ফেটে যেতে পারে। এ ব্যাপারে গৃহস্থলীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া শিশু ও বয়স্কদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকেরা। বিশেষ করে তীব্র ঠাণ্ডায় শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। জরুরি প্রয়োজন ছাড়া নগরবাসীকে বাসায় অবস্থান করার অনুরোধ জানিয়েছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। প্রয়োজনে পর্যাপ্ত গরম কাপড় পরিধান এবং মুখমণ্ডল ঢেকে বাইরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
 
নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও এই তাপমাত্রাকে অবহেলা না করে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন। সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য এই তাপমাত্রাকে তাদের জীবনের জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছে।
 
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মেইন ও মিশিগান রাজ্যে মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া উইসকনসিনে মাইনাস ২০, ওহাইওতে মাইনাস ১১, ইলিনয়ে মাইনাস ৯ এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার এই তাপমাত্রা আরো কয়েকগুণ কমে প্রাণঘাতী রূপ নিতে পারে বলে আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা।