রংপুরের মিঠাপুকুরে সৎ বাবা ধর্ষন করেছে কিশোরী মেয়েকে। ঘটনাটি জানাজানি হলে শুক্রবার রাতে গ্রামবাসি সৎ বাবাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিনুল ইসলাম জানান, উপজেলার লতিবপুর ইউনিয়নের নিঝাল গ্রামের কাঠমিস্ত্রি নজরুল ইসলাম স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে তার সৎ মেয়েকে (১৪) জোরপূর্বক ধর্ষন করে। বিষয়টি ধর্ষিতা গ্রামবাসিকে জানালে লোকজন ধর্ষক সৎ বাবা নজরুলকে আটক করে গণ পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ শুক্রবার রাতে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ধর্ষিতার মা জানান, পাশের গ্রামের এক ব্যক্তির সাথে ১৫/১৬ বছর আগে তাঁর বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে ৯ মাসের অন্তস্বত্তা অবস্থায় স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়। এর কিছু দিন পর তিনি কন্যা সন্তান প্রসব করেন। সন্তানের বয়স যখন ৬ মাস, তখন নিঝাল গ্রামের কাঠমিস্ত্রি নজরুলের সাথে ২য় বিয়ে হয়। সেখানে ২টি ছেলে সন্তানও জন্ম দিয়েছেন। ধর্ষিতার মা আরো জানান, অসুখ হলে স্বামী বিভিন্ন ওষুধের সাথে আমাকে ঘুমের বড়ি খাওয়াতো। আমি গভীর ঘুমে আচ্ছন্ন থাকতাম। আর এ সুযোগে মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষন করতো। বর্তমানে আমার মেয়ে ৩ মাসের অন্তস্বত্তা। লম্পট নজরুলের কারণে আজ আমার সব শেষ হয়ে গেল। আমি এর বিচার চাই।
এ ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
