২০১৫ সালের শুরুতে জি ফ্লেক্স ২ স্মার্টফোন বাজারে আনে এলজি। হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানটির বাজারে আনা প্রথম বাঁকানো ডিসপ্লের ফোনটি বেশ সাড়া জাগায়। এই ডিভাইসের সাফল্যের পর আবারও আরেকটি বাঁকানো ডিসপ্লের ডিভাইস আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি।
স্মার্টফোন জায়ান্ট স্যামসাংয়ের ভাঁজ উপযোগী হ্যান্ডসেটকে টেক্কা দিতে নতুন ডিভাইসটি তৈরিতে হাত দিয়েছে এলজি।
এলজির বাঁকানো ডিসপ্লের স্মার্টফোনের খবর সর্বপ্রথম জানান ইভান ব্লাস। বিভিন্ন প্রযুক্তিপণ্যের খবর আগেভাগে ফাঁস করে প্রযুক্তি বিশ্বে বেশ নাম কুড়িয়েছেন তিনি। এক টুইটে এই তথ্য ফাঁসকারী জানান, ‘বাঁকানো ডিসপ্লের ফোন তৈরি করছে এলজি। এর উপরের অংশটা অনেকটাই মোড়ানো।’
প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম ফোন এরেনার এক খবরে বলা হয়েছে, জি ফ্লেক্স ২ স্মার্টফোনের পর আরেকটি বাঁকানো ডিসপ্লের ফোন আনছে এলজি, এটি ২০১৬ সালে বাজারে আসবে।
ডিভাইসটির ব্যাপারে মুখে কুলূপ এঁটে রেখেছে এলজি কর্তৃপক্ষ। তথ্য ফাঁসকারীদের পক্ষ থেকেও আর নতুন কোনো কিছু জানা যায়নি।
