কাশ্মিরে বন্দুকযুদ্ধে ২ ভারতীয় সেনা নিহত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫১
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এক বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সৈন্য ও চার সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। শনিবার একথা জানায় সেনাবাহিনীর এক মুখপাত্র।
 
সীমান্ত অঞ্চলের পুলিশের ডিআইজি গরীব দাস বলেন, ভারত শাসিত কাশ্মিরের প্রধান নগরী শ্রীনগ থেকে ১৩০ কিলোমিটার (৮০মাইল) উত্তরপশ্চিমে অবস্থিত একটি সীমান্ত গ্রামে উভয় পক্ষের মধ্যে এই ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়। এতে ৬ জন নিহত হয়েছে। 
 
শুক্রবার সরকারি বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালালে ১৬ ঘণ্টাব্যাপী এই বন্দুকযুদ্ধ ঘটে।  ওই বাড়িটিতে সন্দেহভাজন বিদ্রোহীরা আশ্রয় নিয়েছে বলে সেনা সদস্যরা খবর পায়। 
 
প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র এস.ডি. গোস্বামী বলেন, ‘এই অভিযানে দুই সৈন্য শহীদ ও চার সন্ত্রাসী নিহত হয়েছেন।’  পুলিশ জানায়, এই ঘটনায় আরো দুই সৈন্য আহত হয়েছে। তাদের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এএফপি