কপিরাইট আইনে অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অপসারণ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১২
 
আইনি জটিলতা এড়াতে শেষ পর্যন্ত অনলাইন থেকে অপসারণ করা হল অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি। অনলাইন বই সংগ্রহের সাইট উইকিসোর্স অ্যানা ফ্রাঙ্কের ডাইরির কারণে কপিরাইট আইন লঙ্ঘন হচ্ছে জানার পরপরই সাইটটি থেকে এটি সরিয়ে ফেলা হয়।
 
ফ্রান্সের কপিরাইট অনুযায়ী সাধারণত কোনো বই বা প্রকাশনার লেখক মারা যাওয়ার ৭০ বছর পর থেকে বইটির কোনো 'এক্সক্লুসিভ কপিরাইট' থাকে না। ১৯৪৫ সালে জার্মানীর বের্জেন-বেলসেন নাৎসি বাহিনীর কনসেনট্রেশন ক্যাম্পে হত্যা করা হয় অ্যানা ফ্র্যাংককে। আর সে অনুসারে ২০১৬ সালের জানুয়ারি মাসে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাই এটি অনলাইনে উন্মুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছিল।
 
অ্যানা ফ্রাঙ্কের ডাইরিটি তাঁর বাবা অটো ফ্রাঙ্ক ১৯৪৭ সালে ডাচ ভাষায় প্রথমবার প্রকাশ করেন। তিনি মূল ডাইরিটি থেকে কিছু অনুচ্ছেদ মুছে ফেলে প্রকাশ করেছিলেন। আর এটিই কপিরাইট বিতর্কের সূচনা করেছিল। যেহেতু তিনি সহকারী লেখকের ভূমিকা পালন করেছেন তাই তাঁর মৃত্যুর ৭০ বছর পর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হবে বলে দাবি করেন অনেকে। অটো ফ্রাঙ্ক মারা যান ১৯৮০ সালে। এজন্য মার্কিন কপিরাইট আইন অনুযায়ী ২০৪২ সাল পর্যন্ত বইটির কপিরাইট সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
কপিরাইট সংরক্ষণের এই সিদ্ধান্তের পরই উইকিসোর্স অনলাইন থেকে বইটি সরিয়ে নেয়। উইকিমিডিয়া ফাউন্ডেশন এই পদক্ষেপ সম্পর্কে বিবিসিকে জানিয়েছে, 'এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান কপিরাইট আইনের একটি দুঃখজনক উদাহরণ।'
 
যুক্তরাজ্যের কপিরাইট আইনজীবী অ্যাডাম রেন্ডেল বলেছেন, 'কপিরাইটের মেয়াদ সম্পর্কে সঠিক তথ্য দেওয়াটা বেশ কঠিন, কেন না বিভিন্ন দেশের কপিরাইট আইন বিভিন্ন। এ ছাড়াও বিভিন্ন সংস্করণ প্রকাশের সময় এবং বিভিন্ন লেখকের ভিন্ন ভিন্ন ভূমিকার জন্য ব্যাপারটি আরও জটিল হয়ে যায়।'