হাজার হাজার অভিবাসী ফিনল্যান্ড ছেড়ে নিজ দেশে ফিরে যাওয়ার আবেদন করেছেন। এসব অভিবাসীদের অধিকাংশই ইরাক থেকে যাওয়া। ফিরে যাওয়ার কারণ হিসেবে অধিকাংশই পারিবারিক সমস্যা ও তীব্র শীতের কারণ দেখিয়েছেন।
২০১৫ সাল জুড়ে আশ্রয়প্রার্থীদের ইউরোপমুখী স্রোতের বেশিরভাগই জার্মানি সুইডেন ও ফিনল্যান্ডে গেছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারেরও বেশি মানুষ ফিনল্যান্ডে আশ্রয় নিয়েছেন। ফিনল্যান্ডে যাওয়া শরণার্থীর প্রায় দুই-তৃতীয়াংশই ইরাকি তরুণ।
কিন্তু এদের মধ্যে অনেকের চিন্তাভাবনা এখন পাল্টে গেছে। তাই এদের দেশে পাঠানোর জন্য ফিনল্যান্ড বিমান ভাড়া করছে। আগামী সপ্তাহ থেকে ফিনল্যান্ড থেকে বাগদাদ যাওয়া-আসা শুরু করবে এসব বিমান।
দেশে ফিরে যেতে ইচ্ছুক অধিকাংশ শরণার্থী অভিবাসন বিভাগকে পরিবারের কাছে ফিরে যাওয়ার ইচ্ছার কথা জানালেও এদের মধ্যে কেউ কেউ ফিনল্যান্ডের জীবন নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন। সূত্র: রয়টার্স
