আবারও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে ব্যর্থ মুশফিকুর রহিম। আর ব্যাটিং ও বোলিং দুটোতেই নিষ্প্রভ সাকিব আল হাসান। আর দলকেও মানতে হয়েছে হার।
শনিবার কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৫ উইকেটের বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছেড়েছে সাকিব-মুশফিকের করাচি কিংস।
শারজাহ স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে কোয়েটা বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান সংগ্রহ করে করাচি কিংস। জবাবে ৭ বল ও ৫ উইকেট্ হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে কোয়েটা।
করাচির হয়ে সাকিব ১০ রান করতে ১৯ বল খেলেন আর মুশফিক সাত নম্বরে নেমে ৫ বলে ৬ রান করে আউট হন। ৪ ওভারে এক উইকেট পেলেও সেজন্য ৩৪ রান খরচ করতে হয় সাকিবকে।
জবাবে পিটারসেনের ব্যাটিংয়ের ওপর ভর করে সহজেই জয়ের বন্দরে নোঙর করে কোয়েটা। কোয়েটার হয়ে শেহজাদ ২৭ বলে ৭টি চারের সাহায্যে ৪১ রান করেন। পিটারসেন করেন ২২ বলে ২৬ রান। সরফরাজ ৩৩ বলে ২৯ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
