অব্যাহত সমর্থনের জন্যে বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাপান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী তাকে স্বাগত জানান।
জর্ডান থেকে জাপান যাওয়ার পথে রোববার প্রথম প্রহরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহমুদ আব্বাসের যাত্রাবিরতির সময় তাদের এ বৈঠক হয়। রাত পৌনে ১টার দিকে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী। ঘণ্টাখানেক পর টোকিওর উদ্দেশে যাত্রা করেন মাহমুদ আব্বাস। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ফিলিস্তিনের দুর্দিনে বাংলাদেশকে অকৃত্রিম বন্ধু হিসাবে আখ্যা দিয়ে সর্বপ্রকার সহায়তা'র জন্য আব্বাস ফিলিস্তিন সরকার এবং জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আব্বাস একই সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনী শিক্ষার্থীকে বাংলাদেশে পড়ার সুযোগ এবং সেদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের বাংলাদেশে সামরিক প্রশিক্ষণের সুযোগ দেয়ার জন্যে বিশেষভাবে ধন্যবাদ জানান। বৈঠকে ফিলিস্তিনীদের ওপর ইসরায়েলিদের ‘নৃশংসতা’র পাশাপাশি অনেক দিন ধরে অচলাবস্থায় থাকা শান্তি আলোচনার সর্বশেষ অবস্থা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে অবহিত করেন মিস্টার আব্বাস।
বৈঠকে স্বাধীন ভূমির জন্যে ফিলিস্তিনী মানুষের সংগ্রামের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে আবারো অব্যাহত সমর্থনের আশ্বাস দেয়া হয়। এসময় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ফিলিস্তিনী নেতাকে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘসহ সব আন্তর্জাতিক ফোরামেই ফিলিস্তিনের প্রতি তার সমর্থনের বিষয়টি তুলে ধরেছেন।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এ সময় ফিলিস্তিনী সংকটের সমাধানের জন্যে কার্যকর উদ্যোগ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানান। তিনি এসময় দ্বিপাক্ষিক সফরে এসে ফিলিস্তিনী জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন প্রত্যক্ষ করার জন্যে আব্বাস ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিক, প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রোদিনি, কূটনীতি বিষয়ক বিশেষ উপদেষ্টা মাজদি আল খালিদী, অর্থনীতি বিষয়ক বিশেষ উপদেষ্টা মুস্তাফা আবু আল রব প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ঢাকায় আরব দেশগুলোর রাষ্ট্রদূতরাও বিমানবন্দরে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে স্বাগত জানান।
