পণ্য পর্যালোচনা

অপ্পো আর ৭ প্লাস : দেখতে মিষ্টি, কাজেও তাই

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৫৩
স্মার্টফোনের জগতে জনপ্রিয় হয়ে উঠেছে চীনা প্রতিষ্ঠানগুলো। নতুন নতুন স্মার্টফোন ছেড়ে বাজারের অন্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে যাচ্ছে তারা। তেমনই এক চীনা প্রতিষ্ঠান অপ্পো, স্মার্টফোনের বাজারে নিজেদের একটা অবস্থান গড়ে তুলেছে এই হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
 
স্মার্টফোন বাজারে আধিপত্য বাড়াতে সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারের স্মার্টফোনকে হাতিয়ার হিসেবে বিবেচনা করছে অপ্পো কর্তৃপক্ষ। এ নীতিতে ব্যবসা সম্প্রসারণের সুফলও পেয়েছে প্রতিষ্ঠানটি।
 
২০১৫ সালে অপ্পো বাজারে আনে তাদের সবচেয়ে বড় ডিসপ্লের ফোন, অপ্পো আর ৭ প্লাস। অপ্পো আর ৭ ফোনটিকে আরও বড় করে এবং এতে লোভনীয় কিছু ফিচার যোগ করে বাজারে ছাড়া হয় নতুন এই সংস্করণ। এতে অপ্পো আর ৭ প্লাস চমৎকার এক ডিভাইস হয়ে উঠেছে।
 
ডিসপ্লে
সবার কাছেই যে ডিভাইসটিকে যথোপযুক্ত মনে হবে, তা নয়। ডিভাইসটির ৬ ইঞ্চির বিশাল ডিসপ্লে অনেকের কাছে অস্বস্তিদায়ক হতে পারে।
১৯২০*১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ডিসপ্লে সর্বোচ্চ শার্পনেস হয়তো দেবে না, কিন্তু যা মিলবে তা প্রাইস ট্যাগের হিসেবে যথেষ্ট ভালো। এর স্ক্রিনে ভিউ আঙ্গেলও চমৎকার। কড়া সূর্যের আলোতেও স্ক্রিন দেখতে কোন সমস্যা হয় না।
 
IMG0
 
ডিজাইন
প্রথমেই বলে দেওয়া যায় এই ডিভাইসের ডিজাইন আইফোন থেকে অনুপ্রাণিত হওয়া। তা সত্ত্বেও অপ্পো আর ৭ প্লাস বেশ সুন্দর একটা ফোন। হাতে সব দিক থেকেই প্রিমিয়াম অনুভব এনে দেয় এর সলিড বডি।
 
ডিভাইসের পেছনে ঠিক ক্যামেরার নিচেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট এই জায়গাটায় থাকার সুবিধা অনেক। যেমন- হাত যেহেতু সবসময় ফোনের পেছনে থাকে, তাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে হাত রাখাটা অভ্যাসের পর্যায়ে চলে আসবে।
 
ক্যামেরা
সামনে-পেছনে দু’জায়গাতেই রয়েছে দুটি অসাধারণ ক্যামেরা, যার একটি ১৩ মেগাপিক্সেলের ও অপরটি ৮ মেগাপিক্সেলের। ক্যামেরা অ্যাপে রয়েছে আল্ট্রা এইচডি, ম্যাক্রো মোড ইত্যাদি অনেক ফিচার, যেগুলো মূলত প্রিমিয়াম ফোনেই দেখা যায়।
 
পারফরমেন্স
১.৫ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর ও ৩ জিবি র‍্যাম রয়েছে ভেতরে। সাধারণ কাজগুলোতে ফোনটি থাকবে খুবই রেস্পন্সিভ। গেইমিংয়েও এই ফোনটি অত্যন্ত ভালো। সর্বোচ্চ হাই গ্রাফিক্সের গেইমেও ল্যাগ পাওয়া যাবে না। ডিফল্ট ৩২ জিবি ইন্টারনাল স্পেস রয়েছে, যা মেমোরি কার্ড দিয়ে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
IMG1
 
ব্যাটারি
অপ্পো দীর্ঘ ব্যাটারির সুনাম এই ফোনেও বজায় রেখেছে। ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি টানা ব্যাবহারে ১৭ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। শুধু তাই না, এতে ফাস্ট চার্জিং ফিচারও রয়েছে, যেখানে মাত্র আধাঘণ্টাতেই ব্যাটারি প্রায় পূর্ণ হয়ে যাবে।
 
দাম
দেশের বাজারে ডিভাইসটি ৪০ থেকে ৪২ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।
 
এক নজরে ভালো
– দেখতে সুন্দর
– ভালো ডিসপ্লে
– দীর্ঘ ব্যাটারি ও ফাস্ট চার্জিং
 
এক নজরে খারাপ
– বড় সাইজ অনেকের কাছে অসুবিধাজনক মনে হতে পারে
-দামটা বেশি।