ভুল দিনে আফগান প্রেসিডেন্টকে জন্মদিনের শুভেচ্ছা মোদীর

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৫১
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুল তারিখে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ১২ ফেব্রুয়ারি এক টুইটে গনিকে জন্মদিনের শুভেচ্ছ জানিয়ে মোদী তার দীর্ঘজীবন, সুস্বাস্থ্য এবং আনন্দময় আগামীর প্রত্যাশার কথা বলেন।
 
মোদীর টুইটের জবাবে বিনয়ের সঙ্গে ঘানি জানান, তার জন্মদিন ১৯ মে। ভারতীয় প্রধানমন্ত্রীর এই ভুলের কারণ সম্ভবত গুগল। এই সার্চ ইঞ্জিনে ঘানির প্রোফাইলে গনির জন্মদিন হিসেবে ১২ ফেব্রুয়ারির কথাই লেখা ছিল বলে বিবিসির তথ্য। অবশ্য জন্মদিনের ওই শুভেচ্ছা বার্তা মোদী নিজে লিখেছেন কিনা তা জানা সম্ভব হয়নি। তার পোস্টগুলো সচরাচর লিখে থাকেন তার সোশাল মিডিয়া বিষয়ক ম্যানেজার হিরেন যোশি।
 
IMG0
 
আর মিউনিখে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে অবস্থানরত ঘানি নিজেই মোদীর টুইটের জবাব দিয়েছেন বলে মনে হয় না। তিনি নিজে কোনো পোস্ট দিলে সাধারণত শেষে নামের অদ্যাক্ষর হিসেবে ‘এজি’ লিখে থাকেন। টুইটারে মোদীর অনুসারী একজন ভারতীয় নাগরিক ঘানির জবাবে লিখেছেন, কবে আপনার জন্মদিন তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি আজই আপনাকে শুভেচ্ছা জানিয়ে থাকে তবে আমরা আজই তা উদযাপন করব। বিবিসি।