আবারও লাক্স তারকা নীলাঞ্জনা নীলাকে মডেল করেই নতুন ভিডিও তৈরি করলেন তরুন কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেন। নিজের নতুন মিউজিক ভিডিওতে নীলার সঙ্গে রোমান্টিক মুডেই অভিনয় করেছে ইলিয়াস। ‘অনেক কথা আছে’ শিরোনামের এ গানটির মিউজিক ভিডিওর শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। জাহিদ আকবরের লেখা এ গানটির অডিও প্রকাশিত হয়েছে গেল ঈদে। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে বলে শিল্পী জানিয়েছেন।
এ প্রসঙ্গে ইলিয়াস বলেন, ‘এ গানটির অডিও প্রকাশ হওয়ার পর শ্রোতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। সবার দাবি ছিল গানটির মিউজিক ভিডিও নির্মাণ করার। তাদের ভালোলাগাকে প্রাধান্য দিয়েই ভিডিওটি তৈরি করলাম। রাজধানীর কোক স্টুডিও, উত্তরা ও এয়ারপোর্টের মনোরম লোকেশনে শুটিং করেছি।’ নীলার পারফর্মেন্স ছিল চোখে পড়ার মতো। আশা করছি অডিওর মতো ভিডিওটিও শ্রোতাদের বিশেষ নজর কাড়বে।’
IMG0
ইলিয়াসের নিজের সুর করা এ গানটির সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। সম্প্রতি ইউটিউবে ভিডিওটি প্রকাশ পেয়েছে। পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলেও গানটি প্রচার হবে বলে শিল্পী জানিয়েছেন। প্রসঙ্গত, নীলার সঙ্গে আগেও একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন ইলিয়াস।
