গ্রাহক হারাচ্ছে টুইটার!

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১০
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার। কিন্তু ব্যবহারকারী হারাচ্ছে সাইটটি। ২০১৫ সালে তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ৩০ কোটি ৭০ লাখ থাকলেও,পরের প্রান্তিকে তা কমে ৩০ কোটি ৫০ লাখ হয়ে যায়।
 
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়,২০১৫ সালের শেষ দিকে টুইটারের স্বক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩০ কোটি ৫০ লাখ। অন্যদিকে, ফেসবুকের জন্য এই সংখ্যাটা হলো ১৬০ কোটি। আর গুগলের আটটি সাইটের প্রতিটিতে প্রায় শত কোটি ব্যবহারকারী ছিল।
 
যদিও স্পন্সর করা টুইট আর বিভিন্ন পার্টনারশিপের মাধ্যমে টুইটার কার্যকরীভাবে তাদের ব্যবসা বাড়াতে সক্ষম,তবে এই গতিও মন্থর। নতুন ব্যবস্থাপনা,পণ্য, ডিজাইন আর ফিচারগুলোও এই গতি বাড়াতে খুব একটা কাজে লাগেনি। টুইটারের প্রধান জ্যাক ডরসি বলেন, “আমরা আমাদের মূল সেবা পরিশোধিত করতে যাচ্ছি।”
 
তবে এটি নিয়ে তিনি তেমন একটা উদ্বিগ্ন নন। ফেব্রুয়ারির ১০ তারিখ শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে নিজেদের চতুর্থ প্রান্তিকের আয় প্রকাশ করেছে টুইটার। পাশপাশি প্রতিষ্ঠান সম্পর্কে প্রথমবারের মতো নিজের ভবিষ্যত পরিকল্পনাও জানিয়েছেন প্রধান নির্বাহী ডরসি। কিন্তু ডরসির ওই ভবিষ্যত পরিকল্পনাগুলোতে আসন্ন সেবার ব্যাপারে যথেষ্ট বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
 
প্রতিষ্ঠানটির সিটিও অ্যাডাম মেসিঞ্জার-কে আরও দায়িত্ব দেওয়া হয়েছে। টুইটারের পণ্য নিয়ে অধিকাংশ সিদ্ধান্তই তিনি নিয়ে থাকেন। ২০১৬ সালে আরও বেশি লোক নিয়োগ দেওয়ার মাধ্যমে মেসিঞ্জারের দলের পরিসর বাড়ানোর আশা প্রকাশ করেছেন ডরসি।