সবাই স্মার্টফোন ব্যবহার করবে : তারানা হালিম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৩
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, এখন থেকে শুধু বিত্তশালীরাই স্মার্টফোন ব্যবহার করবেন না। কৃষক, দিনমজুর ও  সাধারণ খেটে খাওয়া মানুষ ও স্মার্টফোন ব্যবহার করবে। তারা যাতে স্বল্প মূল্যে স্মার্টফোন ব্যবহার করতে পারে তার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এজন্য ইতোমধ্যে দুটি মাল্টি ন্যাশনাল কোম্পানির সঙ্গে কথা হয়েছে।
 
রবিবার বিকালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়ন পরিষদে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ অফিসে ব্রড ব্যান্ড ইন্টারনেট সার্ভিসের উদ্বোধনকালে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, ২৫ থেকে ৩০ টাকার কিস্তির মাধ্যমে তারা এসব স্মার্টফোনের দাম পরিশোধ করতে পারবেন এবং বাড়িতে বসেই কৃষক ও সাধারণ মানুষ নানা ইন্টারনেট সুবিধা পাবেন। প্রথম ধাপে ১ হাজার ১১০টি ইউনিয়নে এ ইন্টারনেট সুবিধা দেয়া হচ্ছে। ৮০ টি ইউনিয়ন পরিষদ অফিসে এ সেবা থেকে চালু করা হয়েছে।
 
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহম্মেদ চৌধুরী। এরআগে প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিসিএল-এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ মঈন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার এস.এম. ইমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়ার নব নির্বাচিত মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা প্রমুখ।