মৎস্য রফতানি থেকে বাংলাদেশের আয় আড়াই হাজার কোটি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৬
চলতি অর্থবছরের ৪৬ হাজার ২৫৭.৫৮ মে. টন মৎস্য ও মৎস্যপণ্য বিদেশে রফতানি করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
রবিবার  সংসদে সরকারি দলের সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরীর এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
 
তিনি বলেন, মৎস্য ও মৎস্যপণ্য বিদেশে রফতানি থেকে বাংলাদেশ ৩৩৯.১২ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই হাজার কোটি টাকারও বেশি। বাংলাদেশ বিগত ২০১৪-২০১৫ অর্থবছরে ৮৩ হাজার ৫২৪.৩৭ মে. টন মৎস্য ও মৎস্যপণ্য বিদেশে রফতানি করে ৫৯৯.০৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
 
সরকারি দলের সদস্য আনোয়ারুল আবেদীন খানের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দৈনিক জনপ্রতি ৬০ গ্রাম হারে ২০১৫-১৬ অর্থবছরে সারাদেশে মাছের মোট চাহিদা ৪০.৫৫ লাখ মেট্রিক টন। ২০০৮-০৯ অর্থবছরে মাছের মোট উৎপাদন ছিল ২৭.৭১ লাখ মেট্রিক টন।
 
ছায়েদুল হক বলেন, সরকারের মৎস্যবান্ধব কার্যক্রম পরিচালনা এবং চাষী ও উদ্যোক্তা পর্যায়ে চাহিদাভিত্তিক কারিগরি পরিসেবা প্রদানের ফলে ২০১৪-২০১৫ অর্থবছরে এ উৎপাদন বৃদ্ধি পেয়ে ৩৬ লাখ ৮৪ হাজার মেট্রিক টনে দাঁড়িয়েছে।