পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বিশ্বব্যাংক (আইডিএ)-এর আর্থিক সহায়তায় বাংলাদেশের ৩৯টি জেলায় ৯৮২.২৭ কোটি টাকা ব্যয় সম্বলিত ‘পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প’ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করছে। রবিবার সংসদে জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ ইলিয়াছের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
সরকারি দলের কামাল আহমেদ মজুমদারের অপর এক প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ‘ক্যাপিটাল (পাইলট) ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্প বিগত ২০১৩ সালের ২ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) কর্তৃক অনুমোদিত হয়, যা বর্তমানে চলমান রয়েছে।
তিনি বলেন, প্রকল্পটির মোট ব্যয় ১০২২.১১ কোটি টাকা ও বাস্তবায়ন মেয়াদকাল ২০১০ সালের মার্চ থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত। ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত এই প্রকল্পের ভৌত অগ্রগতি ৮৮.৭২ ভাগ ও আর্থিক অগ্রগতি ৮৩৮.৭২ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় গত বছরের জুন পর্যন্ত বাপাউবো’র নিজস্ব ড্রেজার দ্বারা মোট ৭.৬০ কি.মি. ক্যাপিটাল ড্রেজিং, আউট সোর্সিংয়ের মাধ্যমে ২২ কি.মি. ক্যাপিটাল ড্রেজিং, ১৩.৫০ কি. মি. মেইটেইন্যান্স ড্রেজিং, ৪টি ক্রসবার নির্মাণ, ২.৩০ কি. মি. (আংশিক ৮৫ ভাগ) পুনরুদ্ধারকৃত ভূমি ও তৎসংলগ্ন এলাকা সংরক্ষণ কাজ সম্পন্ন হয়েছে।
মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে ২.৩০ কি. মি. আংশিক সম্পাদিত পুনরুদ্ধারকৃত ভূমি ও তৎসংলগ্ন এলাকা সংরক্ষণ কাজ সম্পূর্ণকরণ ও ১.৩০ কি. মি. আংশিক সংরক্ষণ কাজের লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে।
