মৃত্যুর দিনক্ষণ বাতলে দেবে অ্যাপ!

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০৩
‘জন্মিলে মরিতে হইবে’ – এই সত্য আমাদের সবারই জানা। কিন্তু কখন মৃত্যু এসে হানা দেবে সেই খবর জানে না কারো। তবে প্রযুক্তির বদৌলতে এবার মোবাইল অ্যাপ বলে দেবে আপনি কখন মারা যাবেন!
 
‘ডেডলাইন’ নামের নতুন এই অ্যাপ আপনার আইফোনের হেলথ কিট টুল থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে মৃত্যুর দিন-তারিখ বলে দিতে পারবে, জানিয়েছে টাইম ডটকম।
 
আইফোনের হেলথ কিট টুলে আপনার উচ্চতা, ডায়াস্টোলিক ব্লাড প্রেসার, দিনে কত ঘণ্টা ঘুমান এমনকি দিনে কতবার পা ফেলেন তাও রেকর্ড থাকে। অ্যাপটি এসব ডেটা এবং আপনার নিত্য জীবনের কিছু প্রশ্ন মিলিয়ে বলে দেবে আপনার মৃত্যুর তারিখ এবং সময়।
 
জিস্ট ল্যাবে বানানো এই অ্যাপটির নির্মাতা অ্যাপলের আইটিউন পেজে লিখেছেন, ভয় পাবার কিছু নেই, অ্যাপটির দেওয়া তথ্য মতে আপনি ওই দিনই মারা যাবেন এমন কোন কথা নেই। এটি মূলত আপনার স্বাস্থ্য এবং আপনার জীবনধারা মনিটর করবে। কখন আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত তা বলে দেবে। আপনার উন্নত জীবন নিশ্চিত করাই অ্যাপটি কাজ।
 
তিনি আরো বলেন, অ্যাপটি দিয়ে আপনি চাইলে আপনার মৃত্যুর সম্ভাব্য তারিখ পরিবর্তনও করতে পারেন। তবে এ ক্ষেত্রে আপনাকে স্বাস্থ্যকর খাদ্য এবং সঠিক অনুশীলন নিশ্চিত করতে হবে।