কুমিল্লায় মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২৭
 
ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’ পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানির মামলা হয়েছে। সোমবার কুমিল্লার ৪নং আমলী আদালতে মামলাটি দায়ের করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক যাদব চন্দ্র রায়।  
 
আদালত ও এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি এক অনুষ্ঠানে মাহফুজ আনাম স্বীকার করেন যে, ১/১১-এর পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে শেখ ফজলুল করিম সেলিমের স্বীকারোক্তির তথ্য সরবরাহ করেছিল প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। ঐ তথ্য যাচাই না করে ২০০৭ সালের ৩১ সেপ্টেম্বর তার সম্পাদনায় প্রকাশিত ঐ পত্রিকায় ছাপা ভুল ছিল  এই ভুল সংবাদ প্রকাশের কারণে শেখ হাসিনাকে দীর্ঘদিন কারাভোগসহ হেয় প্রতিপন্ন ও হয়রানির শিকার হতে হয়।
 
মামলার বাদী সাংবাদিকদের জানান, বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে বিবাদী ওয়ান ইলেভেনের সময় দলের সভানেত্রীর বিরুদ্ধে তার পত্রিকায় একের পর এক মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য প্রকাশ করে। এতে দলের সভানেত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ও সম্মানহানি ঘটেছে, যা বিবাদী স্বীকার করেছেন। তাই তার বিরুদ্ধে এ মামলা করেছি।
 
মামলার বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট নিজামুল হক, অ্যাডভোকেট হারুন অর রশিদ ও অ্যাডভোকেট ফয়সাল।
 
নিজামুল হক জানান, আদালত মামলাটি আমলে নিয়েছেন। বিকালে আদেশ দেবেন বলে আশা করছি।