কুর্দিদের উপর তুরস্কের হামলায় সিরিয়ার নিন্দা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৯
সিরিয়ায় কুর্দি বাহিনীর উপর তুরস্কের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এমনটাই জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তুরস্কের বিরদ্ধে পদক্ষেপ নেয়ারও চিঠিতে আহ্বান জানানো হয়েছে।
 
শনিবার  এই হামলা শুরু হওয়ার পর রবিবারও উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের দিকে এগিয়ে যাওয়া কুর্দি মিলিশিয়া লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে। যুক্তরাষ্ট্র ও অন্যান্যরা সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) বিরোধী যুদ্ধে কুর্দি মিলিশিয়াদের সমর্থন দিচ্ছে।  এদিকে সিরিয়া অভিযোগ করছে, আল কায়েদার সাথে সম্পর্কিত সন্ত্রাসীদের সমর্থন দিয়ে তুরস্ক সার্বভৌমত্ব লংঘন করছে এবং সতর্ক করে বলেছে, এর জবাব দেয়ার অধিকার দামেস্কের রয়েছে।
 
জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের কাছে লেখা চিঠিতে সিরিয়ার সরকার বলেছে, সিরীয় অঞ্চলে তুরস্কের গোলা হামলা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপগুলোকে সরাসরি শক্তি যোগাচ্ছে। চিঠিতে অভিযোগ করে আরো বলা হয়, তুরস্ক প্রায় একশ বন্দুকধারীকে সিরিয়ায় প্রবেশের সুযোগ দিয়েছে। এরা হয় তুর্কি সৈনিক না হয় ভাড়াটে।
সিরিয়া বলেছে, তুরস্কের এ অপরাধের জবাব দেয়ার বৈধ অধিকার তাদের রয়েছে।
 
এদিকে জার্মানির মিউনিখে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ব নেতৃবৃন্দের আলোচনায় এক সপ্তাহের মধ্যে সিরিয়ায় সবধরণের শত্রুতা অবসানের যে অঙ্গীকার করা হয়েছে তা বাস্তবায়নে নিবিড়ভাবে কাজ করতে মার্কিন ও রুশ প্রেসিডেন্ট ফোনে খোলামেলা কথা বলতে সম্মত হয়েছেন। আল-জাজিরা