নওগাঁয় বিএনপির ৬৯ নেতাকর্মী কারাগারে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০০
নওগাঁর নাশকতার মামলায় বিএনপির ৬৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
 
সোমবার দুপুরে নওগাঁ ৫ নম্বর আমমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুস কুদ্দুস এই আদেশ দেন।
 
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে ধামইরহাট উপজেলার ফার্সি পাড়ায় একটি গাড়ি পোড়ানোর অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলামসহ ১২৩ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়। ওই মামলার ৬৯ জন আসামি সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলার ৩৩ জন আসামি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। বাকিরা পলাতক আছেন।
 
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মো. মশিউর রহমান বলেন, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি বিএনপির অবরোধ চলাকালে উপজেলার ফার্সি পাড়ায় একটি মোটরসাইকেল পোড়ানোর ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার একটি মামলা করে।