২১ ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সাড়ে ছয় হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তকর্তাদের সঙ্গে এ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সভায় পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ, এসবির প্রধান মোখলেছুর রহমান, র্যাব প্রধান বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নির্বিঘ্নে উদযাপন করতে এবারও প্রতি বছরের মত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনারে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ওই এলাকায় সাড়ে ছয় হাজার পুলিশ সদস্য থাকবে। গোয়েন্দা সংস্থার দৃশ্যমান ও অদৃশ্যমান সদস্যদের পাশাপাশি র্যাবসহ অন্যান্য বাহিনীরা সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।
মন্ত্রী বলেন, কূটনৈতিকদের জন্যও নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। পুরো শহীদ মিনার এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতায় থাকবে। প্রবেশ পথে থাকবে আর্চওয়ে।
তিনি বলেন, ঢাকাসহ সারা দেশের যেসব এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হবে সেসব এলাকায়ও নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।
