বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের গ্রাহকরা এখন থেকে মালয়েশিয়া ভ্রমণে স্বাস্থ্যসেবা বিষয়ক পর্যটন সুবিধা উপভোগ করতে পারবেন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকদের এ সেবা দিতে মালয়েশিয়ার টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান ডিজি নেটওয়ার্ক ও মালয়েশিয়ার হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের (এমএইচটিসি) সঙ্গে আলাদা চুক্তি করেছে গ্রামীণফোন, জিডি অ্যাসিস্ট (গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এর অধীনে ৮০০ মার্কিন ডলারের প্রথম ও ৬০০ ডলারের দ্বিতীয় প্যাকেজে গ্রাহকরা যথাক্রমে দু’জন দু’রাত পাঁচতারকা ও চারতারকা হোটেলে থাকতে পারবেন। পাবেন বিমানবন্দর থেকে হোটেলে আসা-যাওয়া, হোটেল থেকে হাসপাতালে আসা-যাওয়া এবং অর্ধেক দিন ঘুড়ে বেড়ানোর সুবিধাও।
এ বিশেষ প্যাকেজে গ্রাহকরা কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার ও গ্লেনেগলস হাসপাতালে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন। যেসব গ্রাহক এ সেবা নেবেন তারা মালয়েশিয়ায় যেতে বিমান বাংলাদেশের বিজনেস ও ইকোনোমি ক্লাসে ভাড়ার ওপর ২০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।
বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, জিপি হাউজে সম্প্রতি এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন গ্রামীণফোনের ডিরেক্টর-প্রোডাক্ট হাসিবুল হক, জিডি অ্যাসিস্ট লিমিটেডের ইনচার্জ সৈয়দ মইনুদ্দিন আহমেদ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্কেটিং অ্যান্ড সেলস ডিরেক্টর মোহাম্মদ শাহ নেওয়াজ।
এ সময় অন্যদের মধ্যে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ফারজানা চৌধুরী এবং এমএইচটিসির চিফ মার্কেটিং অফিসার মেগাত আরডিয়ান উইরা মো. আমিনউদ্দিন উপস্থিত ছিলেন।
গ্রামীণফোন জানায়, মালয়েশিয়ায় স্বাস্থ্যসেবা পর্যটন সেবা পেতে গ্রাহককে প্রথমেই জিডি অ্যাসিস্ট অফিসে গিয়ে (জেআর টাওয়ার, ১৩ তলা, ৪৬ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা) তালিকাভুক্ত হতে হবে। প্যাকেজের আওতায় গ্রামীণফোনের আন্তর্জাতিক রোমিং সেবা ব্যবহারকারী গ্রাহকরা মালয়েশিয়ায় থাকাকালীন ডিজির ‘মার্চেন্ট রিওয়ার্ড অফার’ উপভোগ করতে পারবেন। গ্রাহকরা ডিজি নেটওয়ার্কের সঙ্গে রোমিং করা অবস্থায় কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে ৫০ শতাংশ ছাড়ও পাবেন।
গ্রামীণফোন, জিডি অ্যাসিস্ট এবং বিমানের কর্মীরাও এসব প্যাকেজ ব্যবহার করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। যেসব গ্রাহক এ সুবিধা নিতে চান তাদেরকে ডিজি নেটওয়ার্কের মোবাইল স্ক্রিনটি সংস্লিষ্ট দোকানে দেখাতে হবে।
