রাজধানীর পল্টন থানার নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাই কোর্টের দেয়া তিন মাসের জামিন চ্যালেঞ্জ করে এবার আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
গত ২৪ নভেম্বর ওই তিন মামলায় জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ তাকে তিন মাসের জামিন দেয়।
এই আদেশ চ্যালেঞ্জ করে মির্জা ফখরুল ৭ জানুয়ারি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন, যা সোমবার চেম্বার বিচারপতির আদালতে ওঠে।
শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। শুনানিতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন ও সগীর হোসেন লিওন; রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সগীর হোসেন লিওন বলেন, তিন মাসের জন্য ‘সংক্ষিপ্ত জামিন’ হতে পারে না। রুল নিষ্পত্তির মাধ্যমে সাধারণত মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত জামিন হয়। মামলার অন্য আসামিরাও এ সময় পর্যন্ত জামিনে আছেন। এসব কারণে জামিনে থেকে ওই ‘সংক্ষিপ্ত জামিন’ চ্যালেঞ্জ করে লিভ টু আপিল করা হয়েছে।
পল্টন থানার এই তিনটিসহ নাশকতার সাত মামলায় গ্রেফতার হয়ে প্রায় ছয় মাস কারাগারে থাকার পর হাই কোর্ট মির্জা ফখরুলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল।
রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সর্বোচ্চ আদালত গত ২১ জুন পল্টন থানার ওই তিন মামলায় হাই কোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফখরুলের জামিন বহাল রাখে।
