থাই সেনাদের প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৬
জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করেছেন রয়্যাল থাই আর্মি জেনারেল তিরাচাই নাকাওয়ানিচ। এছাড়া তাদের সেনা কর্মকর্তাদের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয়ার আহ্বান জানান তিনি।
 
সোমবার সকালে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সাইদা মুনা এর সঙ্গে সাক্ষাতকালে এ কথা বলেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
 
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও সামরিক বন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকারও করেন তিরাচাই। বাংলাদেশের সঙ্গে উষ্ণ বন্ধুত্বের কথা স্মরণ করে তিনি বলেন, এ সহযোগিতা অব্যাহত থাকবে।
 
বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা এসময় তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান এবং সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করেন। জেনারেল তিরাচাই এসময় থাইল্যান্ডে রাজনৈতিক পুনর্গঠনের কথা বলেন এবং সমর্থনের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।