এনআইডি সংশোধনে যেতে হবে উপজেলায়

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৩

ঢাকায় সারাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) সংশোধনীর সুযোগ বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার থেকে পরিচয়পত্র সংশোধনীর জন্য কেন্দ্রীয়ভাবে কোন আবেদন গ্রহণ করা হচ্ছে না। ফলে সেবা নিতে এসে বিপাকে পড়েছেন হাজার হাজার ভুক্তভোগীরা।

 
এখন থেকে জাতীয় পরিচয়পত্র সেবাগ্রহীতাদের সংশ্লিষ্ট থানা উপজেলা নির্বাচন কার্যালয়ে যেতে হবে। ইসির এনআইডি উইংয়ে অতিরিক্ত চাপ সামলাতে না পেরেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
তবে এনআইডির এই সিদ্ধান্ত বিষয়ে কমিশনের অনুমোদন নেই বলে জানিয়েছেন একাধিক নির্বাচন কমিশনার। তারা বলছেন, এতোবড় একটি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কমিশনের অনুমোদন নেয়ার প্রয়োজন ছিল।
 
এ বিষয়ে জানতে চাইলে ইসি কার্যালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ১৫ ফেব্রুয়ারির পরে এনআইডি সংশোধনের জন্য সবাইকেই সংশ্লিষ্ট থানা অথবা উপজেলা নির্বাচন কার্যালয়ে আবেদন করতে হবে। সেখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের পরেই জাতীয় তথ্য ভাণ্ডার থেকে তথ্য সংশোধন করার সুযোগ পাওয়া যাবে। তিনি বলেন, ইসির এনআইডি উইংয়ে অতিরিক্ত চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, তাদের হিসাব অনুযায়ী জাতীয় তথ্য ভাণ্ডারে নয় কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জন ভোটার রয়েছে। ২০০৮ সালে দেশে প্রথমবারের মত ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম পরিচালনা করা হয়। ওই বছর আট কোটি ১০ লাখ ছবিসহ ভোটার তালিকা জাতীয় তথ্যভাণ্ডারে সংযুক্ত হয়। এরপর থেকে ছবিসহ ভোটার তালিকায় ভুল সংশোধন নিয়ে নানা ধরণের হয়রানির অভিযোগ ওঠে।
 
২০১৫ সালের ১৫ ডিসেম্বর জাতীয় বেতন স্কেলের গেজেট জারির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আইডি সংশোধনের জন্য দুই লাখ ৬৫ হাজার ১৪৮টি আবেদন জমা পড়ে। ইসির পক্ষ থেকে এগুলো জরুরী ভিত্তিতে সংশোধনের জন্য উদ্যোগ নেয়া হয়। এসব আবেদনকারীকে জরুরী ভিত্তিতে ঢাকা থেকে এনআইডি সংশোধন করে দেয়ার প্রক্রিয়া চলছে। এরমধ্যে এক লাখ ২৩ হাজার ৩৩২ টি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে।
 
এছাড়াও ইসির পক্ষ থেকে সব নাগরিককে ম্মার্ট এনআইডি দেয়ার উদ্দেশ্যে জাতীয় তথ্য ভাণ্ডারে নাগরিকদের দেয়া তথ্য সংশোধনেরও সুযোগ দেয়া হয়।
 
ইসি কার্যালয়ের সচিব সিরাজুল ইসলাম বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত কার্ড সংশোধন করে দিতে গিয়ে এনআইডি উইংয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাঘাত ঘটে। এখন আর কাউকে ঢাকা থেকে কার্ড সংশোধনের সুযোগ দেয়া হবে না। তবে প্রবাসীদের মধ্যে যারা স্বল্প সময়ের জন্য দেশে অবস্থান করে এনআইডি সংশোধনের আবেদন করবেন তাদের বিষয়টি কমিশন বিবেচনায় নিতে পারে।
ইসি সূত্র জানিয়েছে, ২০০৮ সালে প্রথমবারের মত আইডি কার্ড দেয়া হলেও ওই সময়ের নাগরিকদের দেয়া তথ্যে এখন অনেক পরিবর্তন ঘটেছে। জরুরী প্রয়োজনে কেউ কেউ এসব তথ্য পরিবর্তন করলেও বেশিরভাগ নাগরিকের দেয়া ওই তথ্য জাতীয় তথ্য ভাণ্ডারে অপরিবর্তিত রয়েছে। ফলে ম্মর্ট কার্ড দেয়ার আগে এসব তথ্য সংশোধনের বিকল্প নেই।