সোশ্যাল মিডিয়ায় ভয় পেনেলোপ ক্রুজের!

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৪৮
সময়ের চাহিদায় জনপ্রিয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ইন্টারনেট ব্যবহারকারীরা দিনের অধিকাংশ সময় ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে ব্যয় করেন। কিন্তু পেনেলোপ ক্রুজ সোশ্যাল মিডিয়াকে শুধু এড়িয়েই যান না, রীতিমতো ভয় পান! তাই টুইটার বা ফেসবুকে অ্যাকাউন্টও খোলেননি এই অভিনেত্রী।
 
পেনেলোপের ভাষায়, ‘টেক্সট মেসেজের চেয়ে যারা চিঠি লেখা বেশি পছন্দ করেন, আমি তাদের দলের মানুষ। আর এটা কখনোই পাল্টানোর নয়। সেজন্য সোশ্যাল মিডিয়াকে যথাসম্ভব এড়িয়ে চলি।’
 
বাথরুম থেকে শুরু করে সমুদ্র সৈকতে সময় কাটানোর খবর বা বাসায় ডিমভাজা থেকে পাঁচ তারকা হোটেলের খাবার ছবি ফেসবুকে পোস্ট করার মতো ‘অবাস্তব’ কাজও তিনি করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিলেন।
 
তবে ক্রুজ এটাও জানালেন, ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট রয়েছে। যদিও খুব একটা তা ব্যবহার করেন না তিনি।