চট্টগ্রামের রাউজানে সুলতানপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট দুই ভাইকে হত্যার বড় ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবি-উজ-জামান এই আদেশ দেন।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আবুল কালাম আজাদ কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালের ২২ জুলাই আবুল কালাম তার দুই ছোট ভাই মোহম্মদ আবু সুফিয়ান ও মোহম্মদ আবু মোরশেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান।
এই ঘটনায় সুফিয়ানের স্ত্রী ইসমত আরা নাসরিন থানায় মামলা করেন। আবুল কালাম পালিয়ে গেলেও পরে পুলিশের হাতে ধরা পড়েন। ২০১৩ সালের ৩ অগাস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি।
২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে আবুল কালাম আজাদের বিচার শুরু হয়।
এই মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের জবানবন্দি শুনে আদালত আজ রায় ঘোষণা করল।
