সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
আজ মঙ্গলবার দুপুরে এক শোকবাণীতে তিনি বলেন, মাহমুদুল ইসলামের মৃত্যুতে আইন অঙ্গন এবং বাংলাদেশের বিচার বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে। জাতি হারিয়েছে দেশের শ্রেষ্ঠ কীর্তিমান একজন আইনজ্ঞকে।
প্রধান বিচারপতি বলেন, সাংবিধানিক আইনের ব্যাখ্যা-প্রয়োগ ও নীতিমালা এবং দেওয়ানি আইন বিষয়ে তার গবেষণামূলক প্রকাশনা দেশের আইন ব্যবস্থাকে করেছে সমৃদ্ধ। মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার অদম্য ও অনন্য ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে। খ্যাতিমান আইনজীবী হিসেবে মাহমুদুল ইসলাম বিচার প্রার্থী জনগণ ও দেশবাসীর নিকট চির স্মরণীয় হয়ে থাকবেন।
