গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার নাশকতার চার মামলায় সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শহিদুল ইসলাম মঞ্জুসহ ৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান শিকদার মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন। এর আগে শহিদুল ইসলাম মঞ্জুসহ ৭ নেতাকর্মী হাজির হয়ে তাদের আইনজীবীর মাধ্যমে আদালতে জামিনের আবেদন করেন।
নেতাকর্মীরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শহিদুল ইসলাম মঞ্জু, সুন্দরগঞ্জ পৌর জামায়াতের আমির মো. একরামুল হক, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জামায়াত নেতা নুর আলম, রামজীবন ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ মিজানুর রহমান, জামায়াতকর্মী হোসেন আলী, টিটু মিয়া ও আশরাফুল ইসলাম।
গাইবান্ধা আদালতের উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল মজিদ জানান, জামায়াত নেতা শহিদুল ইসলাম মঞ্জুসহ ৭ নেতাকর্মীর বিরুদ্ধে ২০১৩ সালে সুন্দরগঞ্জ থানায় নাশকতার ঘটনায় ৪টি মামলা দায়ের হয়। মামলার পর থেকে তারা পলাতক ছিলেন। মঙ্গলবার তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু বিচারক শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
