‘দুই দেশের তরুণরা গণতন্ত্র টিকিয়ে রাখবে’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৩
 
ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতে তরুণদের সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশের ৭০ শতাংশ মানুষের বয়স ৪০ বছরের নিচে। আর ভারতের ৬০ শতাংশ মানুষের বয়স ৩৫ বছরের মধ্যে। ২০২০ সালে ভারতের মানুষের গড় বয়স দাঁড়াবে ২৯ বছরে। এই তরুণ প্রজন্মের যোগাযোগের সুযোগ বেশি। এমনকি গ্রামীণ তরুণরা দ্রুত তথ্য জানতে পারছে। এটা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। তথ্য-জ্ঞানসম্পন্ন তরুণরা গণতন্ত্রের জাযগায় অন্য কিছু মানবে না। সচেতন তরুণরাই গণতন্ত্রকে টিকিয়ে রাখবে।’
 
মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরান বাজারস্থ দৈনিক ইত্তেফাক কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
 
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘তরুণরা সরকারের সেবা প্রত্যাশী। ভারতের তরুণরা বিশ্বাস করে, নির্বাচিত জনপ্রতিনিধিরা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করবে। ভারতের তরুণদের মধ্যে এই পরিবর্তন এসেছে। বিশ্বের অন্য দেশেও এই পরিবর্তন আসবে বলে আমি মনে করি।’
 
ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে আলাপচারিতায় হাইকমিশনার শ্রিংলা ঢাকা-নয়াদিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কের মূল্যায়ন, ভবিষ্যত পরিকল্পনা ও সহযোগিতা নানাদিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। পানি, সীমান্ত, বাণিজ্য-বিনিয়োগ, নিরাপত্তা, বিদ্যুত্ সহযোগিতা, আঞ্চলিক যোগাযোগ ও উন্নয়ন, ভিসা সহজীকরণসহ সব দিক আলোচনায় স্থান পায়। বিশেষ আমন্ত্রণে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ইত্তেফাকের প্রকাশক ও কার্যনির্বাহী পরিচালক তারিন হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও ইত্তেফাকের বার্তা, সম্পাদকীয় বিভাগের জ্যেষ্ঠ সাংবাদিকরা আলাপচারিতায় অংশ নেন।