ইত্তেফাক আড্ডা আলাপে নবদম্পতি শখ-নিলয়

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৫
 
১৬ ফেব্রুয়ারী। তখন মধ্যদুপুর। কমলাপুরে নিলয়-শখকে দেখে হল্লা শুরু হয়ে গেলো। ভক্তদের ভীড়। ছবি আর সেলফির ফাঁকে শট নেবে কখন সেই টেনশনে পড়ে গেলেন নির্মাতা। অথচ নাটকের নাম ‘দ্যা ট্রেইন’। এই নাটক তো আর উত্তরা বা বনানীর শুটিং হাউজ ভাড়া করে করলে হবে না।
ইত্তেফাক অনলাইন এর সাথে নিলয়-শখের সখ্যতা পুরনো। আড্ডার ফাঁকে নাটকের সিকোয়েন্সে শট দেয়া, নাকি নাটকের ফাঁকে আড্ডা দেয়া এরকম হিসেব নিকেষ যখন চললো, তখনই শুধু অনুরোধ -
 
‘প্লিজ তোমরা সব ছবি ফেসবুকে পোস্ট দিওনা। নির্মাতারাও দেখি একমত। ফেসবুকের এই জমানায়, কোনো কিছুই যেন আর গোপন থাকে না। আগে যে তারকাকে একটুখানি দেখার জন্য হা-পিত্তেশ হতো। এখন সেই তারকার ফ্যানপেজে খানিক ক্লিক করলেই লাইভ ভিডিওসহ ছবি দেখতে পারেন যে কেউ।
এত অ্যাভেইলেভেলের শান্তি-অশান্তি কেমন ?
নিলয় বলেন, ‘আমি খুব একটা আপডেট দিইনা, এসব বিষয়ে আলসেমী অনেক আমার। তবে মাঝে মাঝে ভালোই লাগে, সরাসরি সম্পৃক্ত হতে। আবার মাঝে মাঝে বিরক্তিও লাগে খুব।’
IMG0
 
কিন্তু দু’জনার বিয়ের গল্প নিয়ে তো রাষ্ট্র হয়ে গেলো। অথচ হানিমুনের কোনো খবর এলো না।
শখ বললেন, ‘একদমই সময় পাচ্ছি না। আমাদের কতবার উদ্যোগ নেয়া হলো, অস্ট্রেলিয়া, ইউএসএ। কিন্তু এতদিন শুনেছি বিয়ের পর শোবিজে সবার চাহিদা আরো কমে যায়। আমাদের হয়েছে উল্টোটা। দুজনার চাহিদা আরো বেড়েছে কয়েকগুন। বিশ্বাস করুন বিয়ের পর থেকে একটা দিনও নেই যে রাত দুইটার আগে আমরা ঘরে ফিরেছি।’
কিন্তু রান্না-বান্না করে নতুন বউ কি খাওয়াননি শ্বশুরালয়ে? নিলয় নিজেই এই প্রশ্নের জবাব দেবার জন্য উদগ্রীব হয়ে উঠলেন। -- ‘হুমম শখ তো রান্নার ব্যাপারে দারুন উত্সাহী।’
 
আচ্ছা এই যে মিডিয়ায় এত সম্পর্কের ভাঙাভাঙির গল্পে নিলয়-শখ দুজনার পরিবারের মানুষদের উত্কণ্ঠা কেমন ছিল?
- এটা অবশ্য করেছে কেউ কেউ। চিন্তা করাটাই স্বাভাবিক। অনেকের অনেক রকম টেনশনে ছিল, যে সংসারটা টিকবে তো? ওরা বিয়ে করবে তো? আসলে এত কিছু ভেবে কিন্তু জীবন চলে না। আর এত কিছু ভেবে সংসারও করা যায় না। আমরা আমাদের মতো করেই নিজেদের কাজগুলো করে যাচ্ছি। নিজেরাই ডিশিসন নিয়েছি যে, এখন আমাদের সংসার শুরু করা উচিত।
শখ খানিক টিপ্পনী কেটে বললেন, ‘এখনও অবশ্য বুঝতে পারছি না যে, কি ধরণের সংসার করছি আমি! আমার কাছে এই নতুন জীবনটাও সবচেয়ে সুখের মনে হচ্ছে।’
IMG1
 
নিলয় মিডিয়ায় এসেছে চলচ্চিত্রের একটি রিয়েলিটি শো থেকে। অন্যদিকে প্রফেশনাল মডেল হিসেবেই শখের ক্যারিয়ার শুরু। শাকিব খানের বিপরীতে শখ একটি চলচ্চিত্রেও কাজ করেছেন। নিলয়-শখ জুটির একটি চলচ্চিত্রও মুক্তি পেয়েছে। সানিয়াতের পরিচালনায় সেই  চলচ্চিত্রের নাম ছিল ‘অল্প অল্প প্রেমের গল্প’।
এই ছবিটি করতে গিয়ে মাঝে বেশ মান অভিমান কিংবা প্রেমের সম্পর্কের ভাঙনের খবরটিও চাউর হয় সর্বত্র। এ প্রসঙ্গে নিলয় বলেন, ‘আসলে তৃতীয় পক্ষই আমাদের সম্পর্কে ফাটল তৈরি করেছিল। সেই থার্ড পার্টি গ্যাড়াকলেই পড়েছিলাম আমরা।’
 
IMG2
অতি সম্প্রতি ‘ভালোবাসবোই তো নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন নিলয়। ফিল্মি ক্যারিয়ার প্রসঙ্গে দুজনের মতামত জানতে চাইলেই বলেন, ‘না, কোনো ইচ্ছে নেই। আমরা নাটক-টিভিসি নিয়েই ভালো আছি।’
নিলয় বললেন, ‘আসলে ফিল্মের জন্য আলাদা করে যতটা সময় দেয়া উচিত। আমার মনে হয়না সেই সময়টা আছে এখন আমাদের।’
শখ বলেন, ‘আমি তো আগে থেকেই বলে এসেছি যে, চলচ্চিত্রের প্রতি আমার কোনো আগ্রহ নেই। চলচ্চিত্রের জন্য আমি প্রস্তুতও নই। আমার দর্শকেরা আমার নাটক-টিভিসির কাজ দিয়েই ভালোবাসবে।’