ইন্দোনেশিয়ায় ৭ দিন পর খনি শ্রমিক উদ্ধার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪০
ইন্দোনেশিয়ায় এক সপ্তাহ ধরে খনিতে আটকে থাকা এক শ্রমিককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাকে উদ্ধার করার পর হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার নিউক্রেস্ট মাইনিং।
 
গত ৯ ফেব্রুয়ারি হালমাহেরা দ্বীপে গোসোঅং সোনার খনিতে টানেল ধসে গেলে পাক মুরসালিম শাহমান নামের ওই শ্রমিক খনিতে আটকা পড়ে। মঙ্গলবার তাকে এক হাজার ফুট নিচ থেকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার পরপরই অন্য শ্রমিকদেরও নিরাপদে উদ্ধার করা হয়েছে।
 
নিউক্রেস্টের এক বিবৃতিতে বলা হয়, উপরে তুলে আনার পরপরই তাকে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে চিকিৎসার পাশাপাশি সে পরিবারের সঙ্গেও মিলিত হয়েছে।
 
উদ্ধারের জন্যে খনির আটকা পড়া স্থানে ছোট্ট ছিদ্র করা হয়। তা দিয়ে আটকা পড়া ওই শ্রমিকের জন্যে খাবার ও পানি সরবরাহ করা হয়। এছাড়া ছিদ্রর মাধ্যমে তার সাথে যোগাযোগও করা হয়।
 
নিউক্রেস্টের প্রধান নির্বাহী সন্দ্বীপ বিশ্বাস জানান, অন্যান্য খনির লোকজনের সহায়তা এবং যারা ভূঅভ্যন্তর থেকে এ ধরণের তৎপরতা চালিয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ওই শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
 
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ২ হাজার ৪৫০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত গোসোঅং খনিতে কেন এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।  বর্তমানে খনির সবধরণের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এএফপি