তেল উত্তোলন স্থির রাখতে সম্মত ৪ দেশ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১০
 
সৌদি আরব, কাতার, ভেনিজুয়েলা ও রাশিয়ার তেলমন্ত্রীরা তেলের উত্তোলন না বাড়াতে একমত হয়েছেন। দেশ চারটি গত জানুয়ারি মাসের যে পরিমাণ তেল উত্তোলন করেছে সেখানেই উৎপাদন স্থির থাকার সিদ্ধান্ত নিয়েছে।
 
মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ওপেকভুক্ত দেশ তিনটি ও রাশিয়ার তেলমন্ত্রী বৈঠকের পর এই যৌথ ঘোষণা দেয়া হয়। গত কয়েক মাসে বিশ্ববাজারে তেলের ব্যাপক দরপতনের পর বাজার স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নিলো দেশ চারটি।
 
২০১৪ সালের জুনে তেলের দাম রেকর্ড উচ্চতায় ওঠার পরই দরপতন শুরু হয়। তখন সর্বোচ্চ ১১৬ ডলারে প্রতি ব্যারেল তেল বিক্রি হয়। এর পরই দাম কমতে কমতে ৩০ ডলারের নিচে নেমে যায় তেল। কম চাহিদা, অতি উৎপাদন ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে তেলের দরপতনের জন্য দায়ী করা হচ্ছে। সূত্র: বিবিসি