বাঁশখালীতে ১৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১২
চট্টগ্রামের বাঁশখালীতে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে একটি বেসরকাটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
 
মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তিতে সই করেন বেসরকারি প্রতিষ্ঠান এস আলম গ্রুপের পক্ষে গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও পিডিবির পক্ষে সচিব জহুরুল হক।
 
উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট হলেও জাতীয় গ্রিডে ১২২৪ মেগাওয়াট যুক্ত হবে। চুক্তি অনুযায়ী, ৪৫ মাসের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটিকে উৎপাদনে যেতে হবে। নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রটির ৭০ শতাংশের মালিকানা থাকবে এস আলম গ্রুপের ছয়টি কোম্পানির হাতে, বাকি ৩০ শতাংশের মালিকানা থাকবে চীনের সেপকো ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি ও এইচটিজি ডেভেলপমেন্ট গ্রুপের। উৎপাদনে যাওয়ার পর পিবিডি প্রতি ইউনিট বিদ্যুৎ আট দশমিক ২৫৯ ইউএস সেন্ট দরে কিনবে।
 
অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ২৪০ কোটি ডলার ব্যয়ের এ প্রকল্পের ৭৫ শতাংশ ঋণ হিসেবে চীনের তিন ব্যাংক সরবরাহ করবে। প্রকল্প বাস্তবায়নে এরই মধ্যে বাঁশখালীতে ৬০০ একর জায়গা কেনা হয়েছে।
 
দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে ইতোমধ্যে বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়া কক্সবাজারের মাতাড়বাড়ী জাপান, চিন ও মালয়েশিয়ার উদ্যোগে একাধিক বেইজ লোড বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ  নেয়া হয়েছে। এর বাইরে বেসরকারিখাতে ওরিয়ন পাওয়ার খুলনায় ৬৩০ মেগাওয়াটেরএবং ঢাকায় ৬৩৫ মেগাওয়াটের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ চলছে।