বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাইমারি স্কুল ফুটবলের শিরোপা জিতেছে রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপের শিরোপা অক্ষুণ্ন রেখেছে ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাজাখালি (পেকুয়া, কক্সবাজার) পেনাল্টি শ্যুট আউটে ৩-২ গোলে মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে (বীরগঞ্জ, দিনাজপুর) হারিয়ে দেয়। আর মেয়েদের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন কলসিন্দুর ৩-১ গোলে হারায় খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।
নির্ধারিত সময়ে রাজাখালি ও মরিচা প্রাথমিক বিদ্যালয়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। রাজাখালির আবিদ ও মরিচার বিপুল গোল দুটো করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উভয় চ্যাম্পিয়ন দলই এক লাখ টাকা, ট্রফি ও স্বর্ণ পদক লাভ করে। রানার্সআপ দলগুলোর অর্জন ছিল ৭৫ হাজার টাকা, ট্রফি ও রৌপ্য পদক।
IMG0
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলে অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা ছিল ৬৩ হাজার ৫০৯টি এবং খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে ১০ লাখ ৭৯ হাজার ৬৫৩ জন। অন্যদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা ছিল ৬৩ হাজার ৪৩১টি আর খেলোয়াড়ের সংখ্যা ছিল ১০ লাখ ৭৮ হাজার ৩২৭ জন।
