মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার একে অপরের দিকে বক্রোক্তি ছুড়েছেন। ট্রাম্প কখনো মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না ওবামার এমন বক্তব্যেও জবাবে ট্রাম্প বলেছেন তিনি ২০১২ সালে প্রার্থী হলে সহজেই তাকে হারাতেন।
ক্যালিফোর্নিয়ায় একটি সংবাদ সম্মেলনে ওবামা বলেন যে, তার আমেরিকান জনগণের উপর ভরসা আছে যে ট্রাম্পের মতো কাউকে তারা বেছে নেবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া আর রিয়ালিটি শো বা বিপণন চালানো ভিন্ন বিষয় বলে উল্লেখ করেন তিনি। সাউথ ক্যারোলাইনার বোফোর্টে প্রাথমিক মনোনয়নের নির্বাচনী প্রচারণায় এই বিষয়ে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ওবামা প্রেসিডেন্ট হিসেবে খুবই খারাপ। আমাদের বাজেটের দিকে খেয়াল করুন কিভাবে আমরা খরচ করছি। এভাবে আমরা আইএসকে হারাতে পারবো না। ওবামা কেয়ার খুবই বাজে বিষয় আমরা এটি বাতিল করবো। আমাদের সীমান্তগুলো ফুটো ওয়ালা সুইস পনিরের মতো। সে প্রেসিডেন্ট হিসেবে খারাপ। তাই এই ব্যক্তির কাছ থেকে সমালোচনা অনেকটা প্রশংসা পাওয়ার মতো।
২০১২ সালে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন মিট রমনি। ট্রাম্প মনে করেন তিনি তখন মনোনীত হলে ওবামা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারতেন না। ট্রাম্প বলেন, আপনি সৌভাগ্যবান যে আমার পরিবর্তে মিট রমনি লড়েছে। আমি লড়লে আপনি শুধু এক মেয়াদের প্রেসিডেন্ট হতেন। ওয়াশিংটন পোস্ট।
