ইউপি নির্বাচনের ফলাফল এক দিনে প্রকাশ করুন : এমাজ উদ্দিন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৩

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ভিন্ন ভিন্ন দিনে অনুষ্ঠিত হলেও সব ফলাফল একদিনে প্রকাশের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ।

 

তিনি বলেন, ভারতসহ সব গণতান্ত্রিক দেশে বিভিন্ন দিনে নির্বাচন হলেও ফল একদিনে প্রকাশ করা হয়। আমাদের নির্বাচন কমিশনের এ থেকে শিক্ষা নেয়া উচিত।

 

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত নাগরিক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এম কে আনোয়ার, মির্জা আব্বাস, মাহমুদুর রহমান, শওকত মাহমুদ, মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক এম এ মান্নান এবং শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির দাবিতে এ সভার আয়োজন করা হয়।

 

ইয়ূথ  ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, স্বাধীনতা ফোরামের সভাপতি ও বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ,  ডেমোক্রেটিক লীগের (ডিএলএ) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, বাংলাদেশ কল্যাণপার্টির ভাইস-চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, সাবেক ছাত্রনেতা খালেদ সাইফুল্লাহ সোহেল, জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রচার সম্পাদক মফিদুল ইসলাম মোহন, জাতীয়তাবাদী ওলামাদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, ইয়ূথ ফোরামের যুগ্ম-সম্পাদক আশিক রহমান মিরাজ প্রমুখ।

ড. এমাজউদ্দিন আহমদ বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে কয়েক দফা ভোট ও আলাদাভাবে ফলাফল প্রকাশ করা হয়। এতে প্রথম দফার ফলাফল থেকে পরের ফলাফলগুলো আলাদা রকম হয়। নির্বাচনের সময় সব ক্ষমতা ইসির। প্রশাসনের কাউকে রদরদল করতে সরকারের পরামর্শ নেয়ার প্রয়োজন তাদের নেই।

বিএনপির কাউন্সিলে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাউন্সিলের জায়গা নিয়ে কোন অনুমতির প্রয়োজন হয় না। আইনশৃঙ্খলার জন্য অনুমতির প্রয়োজন হলে তা নিয়ে তালবাহানা করা উচিত নয়।