যুক্তরাষ্ট্রের চারটি এফ-২২ যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ায় টহল দিয়েছে। এই বিমানগুলো শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিতে সক্ষম বিশেষ ধরনের স্টিলথ প্রযুক্তিসম্পন্ন। উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা পরীক্ষা ও উপগ্রহ উৎক্ষেপণের পর এই পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার সীমান্তের কাছাকাছি যুক্তরাষ্ট্রের একটি সেনা ঘাঁটির ওপর দিয়ে বুধবার বিমানগুলো উড়ে যায়। জাপানের ওকিনাওয়ার মার্কিন ঘাঁটি থেকে এই বিমানগুলো উড্ডয়ন করে। দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিষয়টিও বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা ও উপগ্রহ উৎক্ষেপণ বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। যৌথভাবে পরিচালিত কায়েসং শিল্পাঞ্চলে সিউল তার কার্যক্রম বন্ধ করে দিলে দেশ দুটির মধ্যে উত্তেজনার পারদ সর্বোচ্চ হয়। সূত্র: বিবিসি
