রাস্তার মাঝে ডাইনোসোর!

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১২
বেশ আনন্দে রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছেন, হঠাৎ জোরে ব্রেক কষতে হলো। কারণ রাস্তার মাঝেই দাড়িয়ে আছে এক ডাইনোসোর! ভাবতে কোনো চলচ্চিত্রের দৃশ্য মনে হলেও এমনই ঘটেছে যুক্তরাষ্ট্রের গডশিলের রাস্তায়।
 
স্বাভাবিকভাবেই ডাইনোসোরটি আসল ছিল না। তবু রাস্তার মাঝে মূর্তিটিও চমকে দিয়েছে সবাইকে। ধারণা করা হচ্ছে পাশের জুরাসিক গার্ডেন থেকে প্রতিকৃতিটি এনে রেখেছে একদল মদ্যপ তরুণ।
 
এমন ঘটনায় বিস্মিত পার্ক মালিক মার্টিন সিম্পসনও। তিনি এই খবর জেনেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি বলেন, এতবড় প্রতিকৃতিটি কয়েক ইঞ্চি সরাতেই অন্তত পাঁচজন মানুষের প্রয়োজন। তাই নিঃসন্দেহে একাধিক মানুষ এখানে যুক্ত ছিল এবং সম্ভবত তারা মদ্যপ ছিল।
 
এই মুহূর্তে ডায়নোসোরটি নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন এমনটা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি।
কিছুক্ষণের মধ্যে জনসাধারণের জন্য রাস্তাও খুলে দেয়া হয়।