ধর্মীয় জঙ্গিবাদীদের জন্য দেশে বিশেষ কারাগার নির্মাণের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনইয়াত্তা। জিহাদি আদর্শ থেকে সমাজকে মুক্ত রাখতে এই কারাগার ভূমিকা রাখবে বলেও প্রেসিডেন্টের দাবি।
দেশটির সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী সন্দেহভাজন যে কাউকে বিনা অভিযোগে দীর্ঘদিন আটকে রাখতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। আল কায়েদার আদর্শে বিশ্বাসী দেশীয় আল শাবাব জঙ্গিদের সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার।
সোমালিয়ার সীমান্ত থেকে জঙ্গি হামলা বন্ধ করতে ২০১১ সালে কেনীয় সেনাবাহিনী প্রতিবেশী দেশটিতে প্রবেশ করেছিল। জঙ্গিবাদ মোকাবেলায় আফ্রিকান ইউনিয়নের ২২ হাজার সেনার মধ্যে চার হাজার সেনা সদস্য কেনিয়ার।
গত বছর এপ্রিলে কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে ১৪৭ জনকে হত্যা করেছিল দুর্ধর্ষ এই জঙ্গি সংগঠনটি। এর আগে ২০১৩ সালে নাইরোবির একটি অভিজাত শপিং মলে হামলা আল শাবাবের হামলায় ৬৮ জন নিহত হয়েছিলেন। সূত্র: বিবিসি
