দেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা ও সেবার মান এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের নিমিত্তে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০১৬ ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০১৬ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিল দু’টি উত্থাপন করেন।
বিল দুটিতে বিশ্ববিদ্যালয় স্থাপন, চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ নিয়োগ, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অনুষদ, পাঠক্রম কমিটি, বোর্ড অব এডভান্স স্টাডিজ, অর্থ কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, নির্বাচনী বোর্ড, নৈতিকতা কমিটি, শৃংখলা কমিটি, বিশ্ববিদ্যালয় সংযুক্ত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ, বিশ্ববিদ্যালয় ক্ষমতা, এখতিয়ার, শিক্ষাদান পদ্ধতি, মঞ্জুরি কমিশনের এখতিয়ার, জনবল কাঠামো, ভর্তি, বিশ্ববিদ্যালয় তহবিল, বার্ষিক হিসাব, সংবিধি, প্রবিধানসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র এবং লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য বিশ্ববিদ্যালয় উন্মুক্ত রাখার বিধানের প্রস্তাব করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
খবর বাসসের।
