স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মাদক সন্ত্রাসের চেয়ে ভয়াবহ। মাদকমুক্ত দেশ বিশ্বের কোথাও খুঁজে পাওয়া যাবে না। সবক্ষেত্রে সফল হলে6ও আমাদের এই এক জায়গায় (মাদক) ব্যর্থতা রয়েছে।
বুধবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলনে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করে মন্ত্রী বলেন, দেশে কোনো আইএস নেই। আইএসের প্রচারণা উদ্দেশ্যমূলক। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, তবে ধর্মান্ধ নন। প্রধানমন্ত্রী দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি (প্রধানমন্ত্রী) আইন শৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ দেখান। প্রধানমন্ত্রী এ ব্যাপারে দলীয় নেতা-কর্মী, এমনকি মন্ত্রী-সংসদ সদস্যদের ছাড় দেননি।
পিরোজপুরের জেলা প্রশাসক খায়রুল আলমের সভাপতিত্বে সভায় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কেএম এ আউয়াল, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির, বরিশাল রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক হুমায়ুন কবির, পিরোজপুরের পুলিশ সুপার ওয়ালিদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মাহামুদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
