বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট বিল পাস

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩০
জাতীয় সংসদে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট বিল, ২০১৬ পাস হয়েছে। দেশে-বিদেশে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সুযোগ সৃষ্টির জন্য ৮৫ কোটি ৯৫ লাখ টাকার তহবিল পরিচালনার বিধান রেখে বিলটি পাস হয়।
 
বুধবার সন্ধ্যায় সংসদ অধিবেশনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী প্রস্তাব করলে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিলের ওপর আনীত নয়টি সংশোধনী কন্ঠভোটে নাকচ হয়ে যায়।
 
বিলে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ও মন্ত্রলায়ের সচিব এই ট্রাস্ট্রের প্রধান ও সদস্য সচিব হবেন। তথ্য, শিক্ষা, অর্থ ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রতিনিধিরা ট্রাস্ট্রের সদস্য থাকবেন।
 
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, জাতীয় পর্যায়ে দক্ষ ও বিশেষ যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী প্রযুক্তিবিদ ও গবেষক তৈরি এবং বিজ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ২০১০ সালের জুলাই মাস থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ৮৫ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ অন সায়েন্স অ্যান্ড আইসিটি’প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে।
 
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদানের জন্য একটি ট্রাস্ট গঠনের নির্দেশ প্রদান করেছেন। এ পরিপ্রেক্ষিতে গত বছর ২৩ নভেম্বর মন্ত্রিসভায় আইনটি অনুমোদন লাভ করে। আইনটিতে সরকারি অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত থাকায় সংবিধানের ৮২ অনুচ্ছেদ অনুয়ায়ী বিলটিতে রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করা হয়েছে।