ভারতের সঙ্গে বন্ধুত্ব জোরদারে আশাবাদী রওশন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩৭
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন,  পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে  বন্ধুত্ব আগের চেয়ে আরো জোরদার হবে।
 
বুধবার দুপুরে বিরোধীদলীয় নেতা তার গুলশানের বাসায় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে বৈঠকে তিনি এ  আশাবাদ ব্যক্ত করেন।
 
রওশন এরশাদ বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক শুধু ভাল বন্ধু ও প্রতিবেশী হিসেবে নয় বরং আমরা একে অপরের উন্নয়ন অংশীদার। দুই দেশের পারস্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্ক ও যৌথ নেতৃত্বে এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করে জনসাধারণের জীবনমানের পরিবর্তন সম্ভব।
 
বৈঠকে বিরোধীনেতার বক্তব্যের জবাবে ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিকে ভারত সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। মহান মুক্তিযুদ্ধে এদেশকে ভারত যেভাবে সাহায্য সহযোগিতা করেছিল বাংলাদেশের বর্তমান শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভারত তেমনি সহযোগিতা করবে।
 
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, ফখরুল ইমাম এমপি এবং ভারতীয় হাইকমিশনারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।