শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট লিগ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫৭
যুব বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য নতুন করে ভাবাচ্ছে বিসিবিকে। বয়সভিত্তিক ক্রিকেট পর্যায়ে এতদিন দেশে বড় দৈর্ঘ্যের ম্যাচের কোনো আয়োজন ছিল না। এবার প্রথমবারের মত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আয়োজন করতে যাচ্ছে অনূর্ধ্ব ১৯ যুব ক্রিকেট লিগ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ লিগ।
 
বুধবার দুপুরে একটায় চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
 
আগে তরুণ ক্রিকেটারকে নির্ধারিত ওভারের ম্যাচ খেলেই সন্তুষ্ট থাকতে হতো। নতুন এই লিগের কারণে টেস্ট খেলায় অভ্যস্ত হয়ে উঠবে তারা। লিগে আট বিভাগের ক্রিকেটাররা চারটি জোনে (নর্থ, ইস্ট, সাউথ, সেন্ট্রাল) বিভক্ত হয়ে খেলবেন। প্রতিটি দলই একে অপরের সঙ্গে চারদিনের ম্যাচে অংশ নেবে। এরপর টুর্মামেন্ট সেরা দুই দল খেলবে ফাইনালে। সবমিলিয়ে লিগে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
 
আকরাম খান বলেন, ‘সম্ভাবনাময়ী তরুণদের লংগার ভার্সন ক্রিকেটের জন্য গড়ে তুলতেই এ আয়োজন। এর মাধ্যমে আগামীর সাকিব-মুশফিকরা উঠে আসবে বলে আমরা আশাবাদী। এতদিন ধরে অনূর্ধ্ব ১৯ পর্যায়ে দেশে লংগার ভার্সনের কোনো লিগ ছিল না। তাই যারা বিভিন্ন বিভাগ ও জোনের হয়ে খেলে তারা ছাড়া বাকিরা বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলার সুযোগ পেত না। কিন্তু সবারই সুযোগ পাওয়া উচিত। তারাও সম্ভাবনাময়ী, তারাও আমাদের ভবিষ্যৎ।’
 
লিগে চ্যাম্পিয়ন দল পাঁচ লাখ টাকা এবং রানার আপ দল তিন লাখ টাকার প্রাইজমানি পাবে। ১৯ ফেব্রুয়ারি বিসিবি’র সহ-সভাপতি ও সিটি মেয়র আ জ ম নাছির ‍উদ্দিন এ লিগের উদ্বোধন করবেন।
 
২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইস্ট জোন ও নর্থ জোনের এবং এম এ আজিজ স্টেডিয়ামে সাউথ জোন ও সেন্ট্রাল জোনের খেলা অনুষ্ঠিত হবে। ২ থেকে ৫ মার্চ এম আজিজ স্টেডিয়ামে ইস্ট জোন ও সাউথ জোন এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নর্থ জোন ও সেন্ট্রাল জোনের খেলা অনুষ্ঠিত হবে। ৮ থেকে ১১ মার্চ এম এ আজিজ স্টেডিয়ামে লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।