অ্যাপল চীনে তাদের আর্থিক সেবা ‘অ্যাপল পে’ শুরু করার ঘোষণা দিয়েছে। দেশটির সরকারি মালিকানাধীন ব্যাংক কার্ড অ্যাসোসিয়েশন চায়না ইউনিয়ন পে-র সঙ্গে চুক্তির কথা নিশ্চিত করে অ্যাপল বলে এখন দেশটির ক্রেডিট ও ডেবিট কার্ডধারীরা অ্যাপল পে সেবা ব্যবহার করতে পারবে।
অ্যাপল ও ইউনিয়ন পে এর মধ্যে চুক্তির কথা গত বছর ঘোষণা করা হয়েছিল। কিন্তু রাষ্ট্রনিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি পূর্ণ অনুমোদনের জন্য আরো বেশ কয়েকটি জায়গায় অনুমোদনের প্রয়োজন ছিল। চীনে ব্যবসা সম্প্রসারণের কথা নিশ্চিত করে নিজেদের ওয়েবসাইটে অ্যাপল বলে, আপনি এখন চীনে ইউনিয়ন পে ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারকারী হলে নিরাপদ ও সহজভাবে আর্থিক লেনদেনের জন্য অ্যাপল পে ব্যবহার করতে পারবেন।
বিশ্বজুড়ে রিটেল সেন্টারগুলোতে এটিএম কার্ড এর পরিবর্তে স্মার্টফোন ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে। চীনের ই পেমেন্ট এর ক্ষেত্রে এখন বাজারের নিয়ন্ত্রণ রয়েছে আলিবাবা ডট কম মালিকানাধীন আলি পে-র কাছে। বিবিসি।
